11/03/2026 ডি-৮-এ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
odhikarpatra
৩ November ২০২৬ ২০:৩৭
ডি-৮ দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের জোরালো আহ্বান, দ্রুত চুক্তি বাস্তবায়ন চান বাণিজ্যমন্ত্রী
ইস্তাম্বুল থেকে প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
ডি-৮ জোটভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে শুল্কছাড় বাড়ানো, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা এবং বাণিজ্য প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাবিষয়ক স্থায়ী কমিটির (কমসেক) ৪২তম মন্ত্রী পর্যায়ের অধিবেশনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন তিনি।
বৈঠকে ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, শুল্কসুবিধা সম্প্রসারণ, বাণিজ্য পদ্ধতি সহজ করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ডি-৮ সদস্যদেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে এফটিএ ও পিটিএ কাঠামো দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চুক্তিগুলো এগিয়ে নিতে সদস্যদেশগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুক্তাদির।
শুধু বাণিজ্য চুক্তি নয়, ডি-৮-এর প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়াতেও সংস্কারের প্রস্তাব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সংগঠনটিকে আরও কার্যকর করতে সুস্পষ্ট লক্ষ্য ও পরিমাপযোগ্য ফলাফলভিত্তিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
জবাবে ডি-৮ মহাসচিব সোহেল মাহমুদ বাংলাদেশের প্রস্তাব ও সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে বাংলাদেশ ও ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের অধিবেশনে যোগ দিতে বর্তমানে তুরস্ক সফর করছেন।
[The Finance Today — মূল প্রতিবেদন