11/04/2026 আনসারবাড়ীয়া স্টেশন চালুর দাবিতে অবরোধ, তিন ঘণ্টা পর খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক
odhikarpatra
৪ November ২০২৬ ১৬:৩২
অধিকারপত্র ডটকমের সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে স্থানীয় বাসিন্দাদের প্রায় তিন ঘণ্টার অবরোধের পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার পর শুরু হওয়া অবরোধ বেলা ১টা ২৫ মিনিটের দিকে প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর তাঁরা কর্মসূচি তুলে নেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধি দল দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রূপসা এক্সপ্রেস আটকে শুরু হয় অবরোধ
স্থানীয়দের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ১৩ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আনসারবাড়ীয়া স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা সেটির গতিপথ আটকে দেন।
এর ফলে খুলনার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দর্শনা স্টেশনসহ বিভিন্ন স্থানে আটকে পড়ে ট্রেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীদের তিন দফা দাবি
আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে স্থানীয়দের তিন দফা দাবি হলো—
1\. অন্তত দুজন স্টেশনমাস্টারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ।
2\. আধুনিক প্ল্যাটফর্ম ও যাত্রীদের জন্য বিশ্রামাগার নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন।
3\. ঢাকা-খুলনা ও খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনের উভয়মুখী যাত্রাবিরতি নিশ্চিত করা।
আলোচনার পর প্রত্যাহার অবরোধ
অবরোধের খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে রেলওয়ের প্রতিনিধি দল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা এবং দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর অবরোধ প্রত্যাহার করা হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অবরোধ প্রত্যাহারের পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।