11/09/2026 দেশের ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
odhikarpatra
৮ November ২০২৬ ২২:০৪
ঢাকা | ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত ‘আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমুখী সমস্যা সমাধানে আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনডিডি) এবং নন-এনডিডিসহ সমাজের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের পাশে আন্তরিকতার সঙ্গে দাঁড়াতে সরকার বদ্ধপরিকর।
প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর উদ্যোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী জানান, সরকারি চাকরিতে তাঁদের প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রশাসনিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দেওয়ার জন্য মালিক ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের আর্থিক সহায়তা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বক্ষণিক পরিচর্যায় নিয়োজিত অভিভাবকদের ত্যাগের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, অনেক বাবা-মা সন্তানদের পরিচর্যার কারণে কোনো পেশায় যুক্ত হতে পারেন না।
এ ধরনের অভিভাবকদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা ও কাজের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শুধু আনুষ্ঠানিক প্রশিক্ষণ দিয়েই সরকারের দায়িত্ব শেষ করতে চায় না। বরং তাঁদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বিশেষায়িত শিক্ষকের সংকট দূর করতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ
দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকের সংকট রয়েছে বলে উল্লেখ করেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি জানান, বর্তমানে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার্য বিভিন্ন সহায়ক উপকরণ তৈরির সরকারি প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণ
আন্তর্জাতিক প্যারালিম্পিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদরা যাতে সাফল্য অর্জন করতে পারেন, সে লক্ষ্যেও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, সাভারে আন্তর্জাতিক মানের অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জাতীয় কেয়ারার কাঠামো গঠনের দাবি
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন শতাধিক কেয়ারার অংশগ্রহণ করেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব সমস্যার কথা তুলে ধরেন এবং কেয়ারারদের অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে একটি সমন্বিত ‘জাতীয় কেয়ারার কাঠামো’ গড়ে তোলার দাবি জানান।
কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।