অধিকার পত্র ডটকম রাজনৈতিক ডেস্ক
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ |
মূল প্রতিবেদন
সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা করা বিরোধী দলের রাজনৈতিক সংস্কৃতি নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। সরকার কোনো ভুল করলে তা তুলে ধরা হবে এবং ভুল সংশোধন না হলে প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি জানান, বিরোধী দল হিসেবে সরকারের জনস্বার্থ ও দেশের কল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করা হবে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে সমালোচনা এবং প্রয়োজন হলে প্রতিবাদ করা হবে।
বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, কর ও শুল্ক, শিল্পের কাঁচামাল, রপ্তানি এবং এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
গোলাম পরওয়ার বলেন, শিল্প ও উৎপাদন খাত দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। টেক্সটাইল খাতের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে সরকার, বিরোধী দল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় আগামী ১৮ নভেম্বর বাটেক্সপো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে প্রধান অতিথি না করার বিষয়েও কথা বলেন তিনি। গোলাম পরওয়ারের ভাষ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার একটি প্রচলিত রীতি রয়েছে। এবার এতে ব্যতিক্রম দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজনৈতিক ঐতিহ্য ও পারস্পরিক মর্যাদা বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক খাতকে দলীয় রাজনীতির সংকীর্ণতার মধ্যে আবদ্ধ না রাখার কথাও বলেন তিনি।
#মিয়াগোলামপরওয়ার #জামায়াতে_ইসলামী #বিরোধীদল #রাজনীতি
