odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th November 2026, ৭th November ২০২৬
২০১৬ সালের সশস্ত্র ডাকাতিতে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না লুট; প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে ১ ইউরো চেয়েছিলেন কিম

প্যারিস ডাকাতির ঘটনায় কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ

odhikarpatra | প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ১৭ September ২০২৬ ২৩:৪৮

 

অধিকারপত্র ডটকম,বিশেষ প্রতিনিধি/

২০১৬ সালে প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ওই ঘটনায় তাঁর কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না লুট করা হয়েছিল। প্রায় এক দশক পর সেই ঘটনায় কিমকে ১ ইউরো প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত।

তবে এই অর্থের পরিমাণ আদালত নির্ধারণ করে দেননি। কিম কার্দাশিয়ান নিজেই প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে ১ ইউরো দাবি করেছিলেন। তাঁর আইনজীবীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর দেওয়া আদালতের সিদ্ধান্তের পর কিম ও তাঁর স্টাইলিস্ট সিমোন হারুশ এক যৌথ বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তকে তাঁরা আর্থিক ক্ষতিপূরণের বিষয় হিসেবে দেখছেন না। তাঁদের কাছে এটি জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির প্রতীক।

ঘটনাটি ঘটে ২০১৬ সালের ২ অক্টোবর, প্যারিস ফ্যাশন উইকের সময়। কিম তখন প্যারিসের একটি হোটেলে অবস্থান করছিলেন। পুলিশের পোশাক পরা ডাকাতেরা তাঁর কক্ষে ঢুকে তাঁকে বেঁধে ফেলে এবং ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর মধ্যে তৎকালীন স্বামী কানিয়ে ওয়েস্টের দেওয়া প্রায় ৪০ লাখ ডলার মূল্যের একটি হীরার আংটিও ছিল। অধিকাংশ গয়না এখনো উদ্ধার হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজনের বয়স বেশি হওয়ায় ফ্রান্সের গণমাধ্যমে ডাকাত দলটি ‘গ্র্যান্ডপা ডাকাত’ নামে পরিচিতি পায়। ২০২৫ সালে এই ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করা হয়। বিচার-পূর্ব আটক অবস্থায় সাজা ভোগ হয়ে যাওয়ায় দণ্ডিতদের কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি।

ক্ষতিপূরণের রায়ে কিমের স্টাইলিস্ট সিমোন হারুশকেও ১ ইউরো দেওয়া হয়েছে। অন্যদিকে, ডাকাতির সময় হোটেলে কর্মরত সাবেক এক রিসেপশনিস্টকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের পর কিম ও হারুশ তাঁদের বিবৃতিতে বলেন, ওই অভিজ্ঞতা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর প্রভাব দীর্ঘদিন ধরে তাঁদের ওপর রয়েছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, আদালতের সিদ্ধান্ত তাঁদের কাছে অর্থের চেয়ে জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।