অধিকারপত্র ডটকম আন্তর্জাতিক ডেস্ক
সৌদিআরব প্রতিনিধি /অধিকারপত্র ডটকম :
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। সোমবার (৫ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার বিষয়টি জানানো হয়।
নিহত মো. সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে হামলার নিন্দা জানিয়ে নিহতের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিহত সজিব হোসেনের পরিবার ও তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কার্যক্রমও শুরু করেছে দূতাবাস।
এদিকে নিহতের মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত বাংলাদেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
