odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 6th April 2026, ৬th April ২০২৬
হাম টিকাকরণ বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ; তদন্ত কমিটি গঠনের আহ্বান, হামে শিশু মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকির দায়ে সাবেক সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

সাবেক প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার দাবি: ৫ দিনের আল্টিমেটাম

Special Correspondent | প্রকাশিত: ৬ April ২০২৬ ২০:৪৫

Special Correspondent
প্রকাশিত: ৬ April ২০২৬ ২০:৪৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে।

অভিযোগের মূল কারণ

নোটিশে উল্লেখ করা হয়েছে সারাদেশে বর্তমানে বিলুপ্তপ্রায় রোগ 'হাম'-এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অভিযোগ করা হয়েছে যে সরকারি টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সরিয়ে বেসরকারি (প্রাইভেট) খাতে হস্তান্তরের মতো 'অশুভ ও অপরাধমূলক' কর্মকাণ্ডের কারণেই এই স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। ব্যারিস্টার আশরাফুল ইসলামের দাবি এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে এবং ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যুসহ অসংখ্য নাগরিক হাসপাতালে ভর্তি রয়েছে। এই প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খানসহ সাবেক সরকারের ২৪ জনের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।

জাতীয় সংসদে আলোচনা

এদিকে দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী আরও জানান আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে এবং ৩ মে থেকে দেশের অবশিষ্ট জেলাগুলোতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হবে।

পরবর্তী পদক্ষেপ

নোটিশ প্রদানকারী আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, পাঁচ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তিনি পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি আরও উল্লেখ করেন, আইনের শাসন ও সরকারের জবাবদিহি নিশ্চিত করতেই জনস্বার্থে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: