অধিকারপত্র ডটকম, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬
আ.লীগ নিষিদ্ধে তদন্ত চলছে কি না, জা নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিষিদ্ধ করার বিষয়ে কোনো তদন্ত চলছে কি না, সে বিষয়ে তাঁর প্রত্যক্ষ কোনো ধারণা নেই।
রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কিনা, তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।
” আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তে অগ্রগতি নেই কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে তদন্ত চলছে—এমন তথ্য তাঁর কাছে নেই। যদি এ ধরনের কোনো তদন্ত চলমান থাকে, তবে তা গণমাধ্যমেও প্রকাশ পাবে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে শাপলা চত্বরের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা-কে গ্রেপ্তার দেখানো নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া সম্পর্কেও প্রশ্ন করা হয়।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তদন্ত সংস্থার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে বিচারিক প্রক্রিয়ায় বাইরের কোনো সংস্থার হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, “যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তাদেরই বিচারের আওতায় আনা হবে।
নির্দোষ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে বিচারপ্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে না।” চিফ প্রসিকিউটরের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা নতুন করে সামনে এসেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত তদন্ত সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
