আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
অধিকার সংযুক্ত নিউজ
ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি যথাযথভাবে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন।
গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন রিট আবেদনটি দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন ইউনূস আলী।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন করা হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধের কথা বলা হয়।
হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত সেটি যথাযথভাবে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

আপনার মূল্যবান মতামত দিন: