odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 8th February 2026, ৮th February ২০২৬

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: নির্বাচন কমিশনার আনোয়ারুল

odhikarpatra | প্রকাশিত: ১৯ October ২০২৫ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১৯ October ২০২৫ ২৩:৩৬

নিজস্ব প্রতিবেদন | অধিকারপত্র ডটকম

সিলেট, ১৯ অক্টোবর ২০২৫:
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।

রোববার সকালে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ডও স্থগিত। তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না।”

তিনি জেলা পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করছি।”

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতীক প্রসঙ্গে তিনি জানান, সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় প্রতীক নির্ধারণ করা হয়। “শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই এটি বরাদ্দ দেওয়ার সুযোগও নেই,” বলেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, “অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত।”

তিনি জোর দিয়ে বলেন, “বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তা যাতে নির্বাচনী দায়িত্বে না থাকেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে।”



আপনার মূল্যবান মতামত দিন: