odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 14th May 2026, ১৪th May ২০২৬
র‍্যাবের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘এসআইএফ’, বদলে যাচ্ছে বাহিনীর পোশাকও

বিলুপ্ত হচ্ছে ‘র‍্যাব’ নাম, আসছে নতুন বাহিনী ‘এসআইএফ’! বদলে যাচ্ছে পোশাকও—বড় ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার।

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৬ ২২:১৭

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৬ ২২:১৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা ‘র‍্যাব’-এর নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাহিনীটির নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা এবং বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমরা র‍্যাবের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এই বাহিনী স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) হিসেবে পরিচিত হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও উল্লেখ করেন যে, দেড় বছর আগের তুলনায় বর্তমানে এই বাহিনীর কাজের মানে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এই নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছেন। খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর দীর্ঘদিনের পরিচিত কালো পোশাক পরিবর্তন করে নতুন পোশাক প্রদানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোতে বড় ধরনের এই সংস্কারকে স্বাগত জানাচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জনগণের আস্থা ফেরাতে এবং একটি আধুনিক ও জনবান্ধব বিশেষ বাহিনী গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন: