odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 7th April 2026, ৭th April ২০২৬
তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে ২৪টি গুরুতর অনিয়ম; স্বচ্ছতা নিশ্চিতে বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন

বিসিবিতে বুলবুল যুগের অবসান: তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Special Correspondent | প্রকাশিত: ৭ April ২০২৬ ২২:১০

Special Correspondent
প্রকাশিত: ৭ April ২০২৬ ২২:১০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

দেশের ক্রিকেটাঙ্গনে বইছে বড় পরিবর্তনের হাওয়া। গত বছরের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এনএসসির সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্ত জানানো হয়। এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান ২০১৮ সালের জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ক্ষমতাবলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কেন ভেঙে দেওয়া হলো বুলবুলের কমিটি?

তদন্ত কমিটির পেশ করা প্রতিবেদনে বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে ২৪টি সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনের মূল বিষয়গুলো হলো:

নির্বাচন নিয়ন্ত্রণ ও কারচুপি: নির্দিষ্ট প্রার্থীদের সুবিধা দিতে কাউন্সিলর মনোনয়নের সময়সীমা বারবার বাড়ানো এবং ই-ভোটিং প্রক্রিয়ায় জালিয়াতি।

হোটেল শেরাটন কাণ্ড: ভোটারদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বনানীর একটি নির্দিষ্ট হোটেলে জড়ো করে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভোট দিতে বাধ্য করা।

ক্ষমতার অপব্যবহার: বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল গঠনতন্ত্র লঙ্ঘন করে একক সিদ্ধান্তে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর মনোনীত করেন, যা তার এখতিয়ার বহির্ভূত ছিল।

পছন্দের প্রার্থীদের সুবিধা: ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমের মতো ব্যক্তিদের বেআইনিভাবে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করা এবং সময়সীমা পার হওয়ার পরও মনোনয়ন গ্রহণ করা।

অসহযোগিতা: তদন্ত চলাকালীন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পিএস সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাক্ষ্য দিতে উপস্থিত হননি।

তামিমের কাঁধে নতুন দায়িত্ব

নতুন গঠিত ১১ সদস্যের এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে আগামী ৩ মাস। এই সময়ের মধ্যে তারা বর্তমান বোর্ডের মতো পূর্ণ ক্ষমতা নিয়ে ক্রিকেট পরিচালনা করবেন এবং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।

অ্যাডহক কমিটির সদস্যরা হলেন:

১. তামিম ইকবাল (সভাপতি) ২. রাশনা ইমাম ৩. মির্জা ইয়াসির আব্বাস ৪. সৈয়দ ইব্রাহিম আহমেদ ৫. ইসরাফিল খসরু ৬. মিনহাজুল আবেদীন নান্নু ৭. আতহার আলী খান ৮. তানজিল চৌধুরী ৯. সালমান ইস্পাহানি ১০. রফিকুল ইসলাম বাবু ১১. ফাহিম সিনহা।

আইসিসিকে অবহিতকরণ

বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি ইতিমধ্যে ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এনএসসি আশা করছে, স্বচ্ছতার স্বার্থে নেওয়া এই পদক্ষেপ আইসিসি ইতিবাচকভাবেই গ্রহণ করবে।

আজই প্রথম সভা

দায়িত্ব পাওয়ার পরপরই তৎপর হয়ে উঠেছেন নতুন সভাপতি তামিম ইকবাল। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রবেশ করবেন এবং সন্ধ্যা সাড় ৬টায় নতুন কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করবেন। দেশের ক্রিকেট প্রেমীরা আশা করছেন, এই পরিবর্তনের মাধ্যমে বিসিবিতে স্বচ্ছতা ফিরবে এবং মাঠের ক্রিকেটে নতুন গতির সঞ্চার হবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: