odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th April 2026, ২৬th April ২০২৬
মেধাস্বত্ব সুরক্ষা জোরদার, অনলাইন নিবন্ধন ও আইনি ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ২৬ April ২০২৬ ০০:০০

odhikarpatra
প্রকাশিত: ২৬ April ২০২৬ ০০:০০

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক :

মূল প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের প্রতিভার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে সরকার একটি আধুনিক, সহজ ও কার্যকর সেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে।

তিনি বলেন, অনলাইন নিবন্ধন, দ্রুত সেবা প্রদান, আইনি সুরক্ষা জোরদার এবং নকল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মতো প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীকাল উদযাপিত হতে যাওয়া ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ এ বছরও বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মতো, যা দেশের দ্রুত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের প্রতিপাদ্য ‘মেধাস্বত্ব ও ক্রীড়া : প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’—এটি তরুণদের মেধাশক্তিকে কাজে লাগানোর জন্য সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, মেধাস্বত্ব সুরক্ষা যেকোনো নতুন ধারণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মপ্রচেষ্টাকে উৎসাহিত করে। একইসঙ্গে ক্রীড়াপ্রযুক্তি, খেলোয়াড়দের প্রশিক্ষণ পদ্ধতি, ক্রীড়াপণ্যের ব্র্যান্ডিং, সম্প্রচার শিল্প, ডিজিটাল কনটেন্ট এবং উদ্যোক্তা বিকাশে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ তারুণ্যের শক্তিতে ভরপুর। তথ্যপ্রযুক্তি, কৃষি, শিল্প, গবেষণা, স্টার্টআপ এবং সৃজনশীল অর্থনীতির দ্রুত বিকাশের এই সময়ে মেধাস্বত্ব সুরক্ষা জাতীয় অগ্রগতির অন্যতম পূর্বশর্ত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক বাজারে জামদানি, ইলিশসহ দেশীয় বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যের মর্যাদা সংরক্ষণে সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি উল্লেখ করেন, ক্রীড়াকে এবার যৌক্তিকভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ক্রীড়া এখন শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং সম্ভাবনাময় পেশা, সামাজিক শক্তি এবং উদীয়মান অর্থনৈতিক খাত।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় ক্রীড়াবিদদের জন্য ভাতা ও স্পোর্টস কার্ড চালুর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণ, আধুনিক প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ গড়ে তোলার কাজ চলমান রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব উদ্যোগ দেশের ক্রীড়াভিত্তিক শিল্প, ক্রীড়াপণ্য উৎপাদন, ব্র্যান্ডিং, স্পোর্টস মিডিয়া, পর্যটন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

 

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
#মেধাস্বত্ব #উদ্ভাবন #প্রধানমন্ত্রী #বাংলাদেশ #ক্রীড়া_অর্থনীতি

 



আপনার মূল্যবান মতামত দিন: