অধিকারপত্র ডটকম
সংসদ ভবন প্রতিনিধি:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের নারীদের উন্নয়নে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৬ আসনের বিরোধী দলের সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ভলনারেবল উইমেন বেনিফিট (ডব্লিউডব্লিউবি) কার্যক্রম, মা ও শিশু সহায়তা তহবিল, আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান, স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান বিতরণ এবং দুস্থ মহিলা ও শিশু সহায়তা তহবিল।
তিনি আরও জানান, নারীদের জীবিকায়নের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি, উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, কিশোর-কিশোরী ক্লাব প্রকল্প, আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র এবং কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্মজীবী নারীদের সহায়তা দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে ‘তথ্য আপা’ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) বাস্তবায়ন করা হচ্ছে, যা গ্রামীণ নারীদের তথ্যপ্রাপ্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব কার্যক্রমের মাধ্যমে দেশের নারীরা আরও স্বাবলম্বী হয়ে উঠবে এবং জাতীয় উন্নয়নে তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

আপনার মূল্যবান মতামত দিন: