odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 27th May 2026, ২৭th May ২০২৬
ঐতিহাসিক দল ঘোষণা স্পেনের নেই রিয়ালের কেউ, ইনজুরি শঙ্কার মাঝেই ইয়ামাল-গাভি

বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ শূন্য স্পেন! দে লা ফুয়েন্তের দলে বার্সার জয়জয়কার

Special Correspondent | প্রকাশিত: ২৬ May ২০২৬ ২৩:৩০

Special Correspondent
প্রকাশিত: ২৬ May ২০২৬ ২৩:৩০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে উঠেছে আগেই। বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরতে প্রস্তুত হচ্ছে দলগুলো। যেখানে শিরোপার অন্যতম দাবিদার স্পেনও পিছিয়ে নেই। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে এই দল ঘোষণায় ফুটবল বিশ্ব দেখল এক ঐতিহাসিক চমক। স্পেনের ফুটবল ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়।

রিয়াল শূন্য স্কোয়াড, বার্সেলোনার দাপট

স্পেনের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ হলেও বর্তমান দলে তাদের স্প্যানিশ খেলোয়াড়দের আধিক্য কম। তার ওপর দলের অন্যতম ভরসা দানি কারভাহাল গুরুতর চোটের কারণে আগে থেকেই ছিটকে যান। ফলে রিয়ালের কোনো প্রতিনিধি ছাড়াই বিশ্বকাপ যাত্রা করতে হচ্ছে স্পেনকে। রিয়াল মাদ্রিদের কেউ না থাকা প্রসঙ্গে কোচ দে লা ফুয়েন্তে বলেন: কাকে বাদ দেব আর কাকে রাখব, সেটা বেছে নেওয়া সব সময়ই কঠিন। আমি প্রতিপক্ষের শক্তি এবং ম্যাচের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করেই এই ২৬ জনকে বেছে নিয়েছি। কোন খেলোয়াড় কোন ক্লাবের হয়ে খেলছেন, আমি তা কখনোই দেখি না।

রিয়াল শূন্য হলেও স্কোয়াডে স্পষ্ট আধিপত্য দেখা গেছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার। বিস্ময়বালক লামিনে ইয়ামাল ও ইনজুরি কাটিয়ে ফেরা মিডফিল্ডার গাভীসহ বার্সার সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় ডাক পেয়েছেন এই স্কোয়াডে। এছাড়া ৩ জন করে খেলোয়াড় আছেন আতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে।

ইনজুরি কাটিয়ে মেরিনো-গাভী দলে, ইয়ামালকে নিয়ে উদ্বেগ

পায়ের হাড় ভাঙার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা আর্সেনাল মিডফিল্ডার মিকেল মেরিনো এবং হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে বার্সেলোনার হয়ে দারুণভাবে মৌসুম শেষ করা গাভী ফিরেছেন দলে। তবে স্প্যানিশ শিবিরে মূল উদ্বেগ তৈরি হয়েছে ১৮ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁর খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। এছাড়া চোটে মৌসুমের শেষ দিকে মাঠের বাইরে থাকা নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে।

অবশ্য এ নিয়ে মোটেও চিন্তিত নন স্প্যানিশ কোচ। শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, আমাদের চিকিৎসক ও ফিটনেস কোচ প্রতিটি ক্লাবের সাথে সমন্বয় করে কাজ করছেন। নতুন কোনো সমস্যা না হলে প্রথম ম্যাচ থেকেই সবাইকে পাব। কোনো কারণে প্রথম ম্যাচে তা সম্ভব না হলেও দ্বিতীয় ম্যাচে তারা অবশ্যই খেলবে। তবে পা ভেঙে যাওয়ায় দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ তারকা ফেরমিন লোপেজ। বাদ পড়েছেন রবিন লি নরমান্ড, ডিন হাউসেন ও গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। এছাড়া মূল দলের অনুশীলনে সহায়তার জন্য রিয়াল মাদ্রিদের পেদ্রো গঞ্জালো ও বার্সার মার্ক বের্নালসহ ৯ জন ফুটবলারকে সাপোর্ট প্লেয়ার হিসেবে রাখা হয়েছে।

গ্রুপ 'এইচ' ও স্পেনের বিশ্বকাপ অভিযান

২০২২ সালের কাতার বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নিলেও ইউরো ২০২৪-এ দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ফলে এবার তাদের নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘এইচ’-এ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। এই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে। তবে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৪ জুন ইরাকের বিপক্ষে এবং ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দে লা ফুয়েন্তের শিষ্যরা।

এক নজরে স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া ও হোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেদ্রো পোরো।

মিডফিল্ডার: রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), পেদ্রি, গাভি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি অলমো, মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস ও ভিক্টর মুনোজ।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: