ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালন করতে সৌদি আরব যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে যায়। দেশে ফেরার পর বৃহস্পতিবার সন্ধ্যায় হারানো লাগেজের বিষয়ে জানতে তিনি আড়াইবাড়ী গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিন পরিচালিত একটি হজ কাফেলা প্রতিষ্ঠানে যান।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লাগেজ হারানোর দায়ভার হজযাত্রীর ব্যক্তিগত বিষয় এবং এ বিষয়ে তাদের কিছু করার নেই। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মূল্যবান মতামত দিন: