odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th June 2026, ১৫th June ২০২৬
এনবিএ শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিবিদ্ধ কিশোর; ক্ষতিগ্রস্ত একাধিক বাস

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের দর্শকবাহী বাসে আগুন

odhikarpatra | প্রকাশিত: ১৫ June ২০২৬ ০৪:০৯

odhikarpatra
প্রকাশিত: ১৫ June ২০২৬ ০৪:০৯

আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র ডটকম

নিউইয়র্ক: ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ শিরোপা জয়ের আনন্দে নিউইয়র্কের রাস্তায় নেমে আসে হাজারো সমর্থক। তবে সেই উল্লাস একপর্যায়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। উদযাপনের মধ্যেই বিশ্বকাপ দর্শকদের বহনে ব্যবহৃত একটি বাসে আগুন দেওয়া হয় এবং গুলিবিদ্ধ হয় এক কিশোর।

শনিবার (১৩ জুন) রাতে এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচে সান আন্তোনিও স্পার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউইয়র্ক নিকস। ১৯৭৩ সালের পর এটিই দলটির প্রথম শিরোপা।

ঐতিহাসিক এ জয়ের পর সমর্থকেরা বার, রেস্তোরাঁ ও বিভিন্ন উন্মুক্ত স্থান থেকে রাস্তায় নেমে আসে। আতশবাজি, ধোঁয়া বোমা এবং ‘নিকস ইন ফাইভ’ স্লোগানে মুখর হয়ে ওঠে ম্যানহাটনের বিভিন্ন এলাকা।

স্থানীয় সময় রাত ২টার দিকে টাইমস স্কয়ারে উদযাপনের সময় ১৭ বছর বয়সী এক কিশোর পায়ে গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

এদিকে নিউইয়র্ক অঞ্চলে অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ম্যাচ শেষে দর্শকবাহী প্রায় ১৫টি শাটল বাসকে ঘিরে ধরে শত শত মানুষ। তাদের অনেকেই বাসের ছাদে উঠে পড়ে, কেউ কেউ চালকের আসনেও বসে পড়ে।

নিউইয়র্ক সিটি প্রশাসনের ভাড়া করা হলুদ স্কুল বাসগুলোর একটি আগুনে পুড়ে যায়। এছাড়া আরও অন্তত তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসের ছাদে সাইকেল তুলে দেওয়া হয়। ব্রাজিলের সমর্থকদেরও নিকস সমর্থকদের সঙ্গে বাসের ছাদে উঠে জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়। এ সময় রক্তাক্ত মুখে এক ব্যক্তিকে ভিড়ের মধ্যে হাঁটতে দেখা গেলেও তার আঘাতের কারণ জানা যায়নি।

বিশ্বকাপের দর্শক ইউসুফ সাবর বলেন, মানুষ আনন্দ প্রকাশ করছে, যদিও কিছুটা সহিংসভাবে। তবে কোনো দল বড় জয় পেলে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন দৃশ্য দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণের পর দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম নিয়ে মাঠে নামে পুলিশ। ঘোড়সওয়ার পুলিশ সদস্যদের সহায়তায় ম্যাডিসন স্কয়ার গার্ডেন সংলগ্ন সড়কগুলো খালি করা হয়।

নিউইয়র্কের বাসিন্দা ক্যারল মারিনো বলেন, এটি যেন নববর্ষ উদযাপনের চেয়েও বহু গুণ বেশি উন্মাদনাপূর্ণ ছিল।

অন্যদিকে দীর্ঘদিনের নিকস সমর্থক ডিন ও ক্রিস্টিনা স্মিরোস জানান, তাদের জন্মের আগেই দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল। জীবদ্দশায় প্রথমবারের মতো দলকে চ্যাম্পিয়ন হতে দেখে তারা উচ্ছ্বসিত।



আপনার মূল্যবান মতামত দিন: