অধিকারপত্র ডটকম২৯ জুলাই ২০২৬ | সময়: রাত ৮:৪৫
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং তাদের প্রশিক্ষণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম, উদ্ধার সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করে ১ লাখের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।
সভায় জনসচেতনতা বৃদ্ধির জন্য দেশব্যাপী কর্মসূচি গ্রহণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠন এবং দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে ঢাকায় হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা বিশেষ লজিস্টিক হাব স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে নতুন উদ্যোগ, বিশেষ সেল ও লজিস্টিক হাব গঠনের পরিকল্পনা
#ভূমিকম্প #বাংলাদেশ #দুর্যোগপ্রস্তুতি #প্রধানমন্ত্রী #তারেকরহমান #স্বেচ্ছাসেবক #জাতীয়টাস্কফোর্স #EmergencyPreparedness #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: