নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে আয়োজিত একটি সেমিনার শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। দিল্লি পুলিশের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি)।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এফসিসি জানায়, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমতি শেষ মুহূর্তে প্রত্যাহার বা না দেওয়ার কারণে সেমিনারটি আর করা সম্ভব হয়নি।
এর আগে এফসিসির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সেমিনারটির ঘোষণা দেওয়া হয়েছিল। সেখানে অনুষ্ঠানের বিষয়বস্তু এবং সম্ভাব্য বক্তাদের নাম উল্লেখ করে একটি প্রচারপত্রও প্রকাশ করা হয়।
আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া মানবাধিকারকর্মী, গবেষক এবং ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিসহ আরও কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা ছিল।
এফসিসির সাধারণ সম্পাদক প্রকাশ নন্দ বিবিসি বাংলাকে বলেন, দিল্লি পুলিশ তাদের জানিয়েছে যে অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি নেই। তবে অনুমতি না দেওয়ার সুনির্দিষ্ট কারণ পুলিশ জানায়নি।
দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, কোনো অনুষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে পুলিশ সেটি বাতিল করার ক্ষমতা রাখে।
এদিকে সেমিনার বাতিলের বিষয়ে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট দিল্লির এফসিসি সভাকক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানের পর এবার আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণে আরেকটি সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পুলিশি অনুমতি না পাওয়ায় সেটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

আপনার মূল্যবান মতামত দিন: