odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 3rd September 2026, ৩rd September ২০২৬

দশম ওয়েজবোর্ড ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার

odhikarpatra | প্রকাশিত: ২ September ২০২৬ ২৩:১৮

odhikarpatra
প্রকাশিত: ২ September ২০২৬ ২৩:১৮

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠন দুটির যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথভাবে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সাংবাদিক সমাজ কঠিন আর্থিক সংকটের মধ্যে রয়েছে।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, প্রায় এক দশক আগে ঘোষিত নবম ওয়েজবোর্ডের রোয়েদাদ এখনো অনেক সংবাদমাধ্যমে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতার কারণে সাংবাদিকরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তারা।

তাদের ভাষ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পরও সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে প্রত্যাশিত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

বিএফইউজে ও ডিইউজে নেতারা আরও বলেন, সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি অনুমোদিত জাতীয় বেতনস্কেলে বেতন বাড়ানো হলেও গণমাধ্যমকর্মীদের বিষয়টি উপেক্ষিত থাকলে সমাজে বৈষম্য আরও বাড়বে।

সাংবাদিক নেতাদের দাবি, অতীতে চতুর্থ ওয়েজবোর্ড পর্যন্ত সাংবাদিকদের বেতন-ভাতা সরকারি কর্মচারীদের তুলনায় তুলনামূলকভাবে ভালো ছিল। বর্তমানে প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সাংবাদিকরা পিছিয়ে পড়েছেন বলে তারা মনে করেন।

তারা অবিলম্বে দশম ওয়েজবোর্ড ঘোষণা, গণমাধ্যমকর্মীদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এবং যেসব প্রতিষ্ঠান নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি, সেসব প্রতিষ্ঠানে বকেয়াসহ রোয়েদাদ কার্যকর করার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: