আন্তর্জাতিক ডেস্ক | অধিকার পত্র ডটকম
বারবার ‘উস্কানিমূলক ও শত্রুভাবাপন্ন’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আলজেরিয়া।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়। মন্ত্রণালয় বলেছে, বারবার সতর্ক করা সত্ত্বেও আবুধাবি তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা আর গ্রহণযোগ্য বা সহ্য করার মতো নয়। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ‘সব পথ বন্ধ হয়ে গেছে’।
বিবৃতিতে জানানো হয়, আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে তলব করে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাকে দেশত্যাগের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
তবে আলজেরিয়ার এই সিদ্ধান্তের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সাম্প্রতিক বছরগুলোতে আলজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন ক্রমেই বেড়েছে। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের অবস্থানে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে আসছে আলজেরিয়া। অন্যদিকে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর আওতায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
পশ্চিম সাহারা ইস্যুতেও দুই দেশের অবস্থান বিপরীত। বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর সার্বভৌমত্বের দাবিকে সমর্থন করে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, আলজেরিয়া ওই অঞ্চলের স্বাধীনতাকামী পোলিসারিও ফ্রন্টকে সমর্থন দিয়ে আসছে।
এ ছাড়া সাহেল অঞ্চলের বিভিন্ন দেশকে ঘিরেও আলজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের স্বার্থ ও কূটনৈতিক অবস্থানে পার্থক্য রয়েছে।
গত বছর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববুন ইঙ্গিত দিয়েছিলেন, উপসাগরীয় অঞ্চলের প্রায় সব দেশের সঙ্গেই আলজেরিয়ার উষ্ণ সম্পর্ক রয়েছে—তবে একটি দেশের সঙ্গে নয়। সে সময় তার বক্তব্যকে সংযুক্ত আরব আমিরাতের প্রতি ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল।
আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
‘উস্কানিমূলক ও শত্রুভাবাপন্ন’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে আলজেরিয়া।
#আলজেরিয়া #সংযুক্তআরবআমিরাত #কূটনৈতিকসম্পর্ক #আন্তর্জাতিক #পশ্চিমসাহারা #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: