odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 8th October 2026, ৮th October ২০২৬
বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। দুজনের কেউই সাঁতার জানত না।

মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৬ ১৮:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৬ ১৮:৫৬

অধিকারপত্র ডটকম, খুলনা প্রতিনিধি

বাগেরহাট, ১৩ সেপ্টেম্বর ২০২৬: বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, দুই শিশু প্রায় সমবয়সী হওয়ায় সবসময় একসঙ্গে খেলাধুলা করত। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, রোববার সকালে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে কোনো একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

এসআই প্রসেন কুমার সানা জানান, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী মাছের ঘেরে সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা লামিয়াকে বাড়িতে না পেয়ে ঘেরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করা হয়।

পরে দুজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, স্বজনদের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।