odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬
বাস টার্মিনালকেন্দ্রিক চক্রের বিরুদ্ধে ডিবির অভিযান, লিফলেট ও মোবাইল জব্দ

যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেফতার, উদ্ধার চেতনানাশক ও ইনজেকশন

odhikarpatra | প্রকাশিত: ৬ May ২০২৬ ২৩:০৯

odhikarpatra
প্রকাশিত: ৬ May ২০২৬ ২৩:০৯

অধিকারপত্র ডটকম 

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চেতনানাশক দ্রব্য ও ইনজেকশনসহ অজ্ঞান পার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (গোয়েন্দা মতিঝিল বিভাগ)।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাইফুল ইসলাম (৬০), মোঃ অপু আহমেদ সরকার (৩৮), মোঃ সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্ট/মিন্ট/মিটু (৫২), মোঃ মকবুল খন্দকার (৫৫) এবং মোঃ টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)।

অভিযানে তাদের কাছ থেকে হামদর্দ ল্যাবরেটরীজ-এর লোগোযুক্ত প্যাকেটে রাখা পলিথিন মোড়ানো কালো হালুয়াসদৃশ চেতনানাশক দ্রব্য, একটি কৌটায় সংরক্ষিত চেতনানাশক পদার্থ, ‘Milam’ ও ‘Hypnofast’ নামের ইনজেকশন, অজ্ঞান করার কৌশল সংবলিত সাতটি লিফলেট এবং বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বরে টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় যাত্রীদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে বা ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে সর্বস্ব লুট করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।