প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:৪০
প্রতিবেদক: নিজস্ব প্রতিনিধি
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
দুর্নীতিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণের জন্য হয়রানিমুক্ত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।” তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যা দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে।
তারেক রহমান বলেন, সময়ের সঙ্গে জমির মালিকানা ও অংশীদারিত্ব বেড়েছে। ফলে জমি-সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনায় জটিলতাও বৃদ্ধি পেয়েছে। মালিকানা, খতিয়ান, নামজারি, খাজনা, দাগ, পর্চা ও জমা-খারিজের মতো বিষয়গুলো জনগণের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে ভূমি ব্যবস্থাপনাও আধুনিক হচ্ছে। অনলাইনভিত্তিক সেবা চালুর মাধ্যমে জমি-সংক্রান্ত দুর্ভোগ কমবে এবং ভূমি অফিসে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও হ্রাস পাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু জমির পরিমাণ কমছে। এতে জমির মূল্য বাড়ার পাশাপাশি বিরোধ, মামলা ও জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। তাই নির্ভুল ভূমি রেকর্ড, পরিকল্পিত ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনা এখন সময়ের দাবি।
তিনি জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ চলছে এবং ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে। এতে জনগণ দ্রুত ও সহজে সেবা গ্রহণ করতে পারবে।
তারেক রহমান বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করেছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে, যার বড় অংশ জমিজমা সংক্রান্ত। এসব বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য গ্রাম আদালত ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “সমঝোতা ও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতের মামলার চাপ কমবে এবং সামাজিক বিরোধও শত্রুতায় রূপ নেবে না।”
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও ভূমি সচিব এ এস এম সালেহ উদ্দিন বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই
#তারেক_রহমান #ভূমিসেবা_মেলা #ভূমি_ব্যবস্থাপনা #ডিজিটাল_সেবা #জমিজমা #এডিআর #বাংলাদেশ #অধিকারপত্র
তারেক রহমান ভূমিসেবা মেলা ২০২৬ ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল ভূমি সেবা জমিজমা বিরোধ এডিআর গ্রাম আদালত ভূমি মন্ত্রণালয় ঢাকা অধিকার পত্র

আপনার মূল্যবান মতামত দিন: