প্রকাশ: ২৪ মে ২০২৬ অধিকার পত্র ডটকম
মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা ও ফুলঝুড়ি গ্রামে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কাপড় ব্যবসায়ী আবদুল কাইয়ুম (৩০) এবং ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের মোহাম্মদ ইউসুফ শরীফ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে আবদুল কাইয়ুমকে তার নিজ বসতঘরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। হত্যার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত কাইয়ুম মঠবাড়িয়া শহরের সেতু সংলগ্ন এলাকায় রেডিমেড কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।
অন্যদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফুলঝুড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন তাকে নিজ বাড়ির উঠানে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইউসুফ শরীফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম জানান, ফুলঝুড়ির হত্যাকাণ্ডটি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া টিকিকাটার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: