প্রকাশ : ২৪ মে ২০২৬, ঢাকা | অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৪ মে ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি এখন অপরিহার্য।
আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
প্রধানমন্ত্রী বলেন, “এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।” তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবনের ছাদে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে—বাংলাদেশ সবুজ জ্বালানির পথে এগিয়ে যাচ্ছে।
লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, সেই ভবনের ছাদে সৌরশক্তির ব্যবহার দেখায় যে নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কর্মেও প্রতিফলিত হতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে এবং বিদ্যুতের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে দেশ জলবায়ু পরিবর্তনের কারণে উচ্চ ঝুঁকিতে রয়েছে—সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙন তার বড় উদাহরণ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন শুধু পরিবেশগত দায়িত্ব নয়, এটি জাতীয় অর্থনীতি ও নিরাপত্তারও অংশ।” তিনি সৌরশক্তিকে বাংলাদেশের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, দেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়, যা যথাযথভাবে কাজে লাগালে বিশাল সম্ভাবনা তৈরি হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নবায়নযোগ্য শক্তি জাতীয় সংসদ ভবন বিদ্যুৎ খাত জলবায়ু পরিবর্তন সবুজ জ্বালানি টেকসই উন্নয়ন অন-গ্রিড সিস্টেম রুফটপ সৌরবিদ্যুৎ

আপনার মূল্যবান মতামত দিন: