ঢাকা | বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬
বিশেষ প্রতিনিধি
অধিকার পত্র ডেস্ক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ হাজারো মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা জামাতে অংশ নেন।
নামাজ শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জাতীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়। প্রায় সাড়ে ৩ হাজার নারীসহ মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজু ও নামাজের নির্ধারিত স্থান সংরক্ষিত ছিল।
এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, মেডিকেল টিম এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে থেকেই মুসল্লিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কঠোর নিরাপত্তা তল্লাশি শেষে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন।
ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিন ধাপে তল্লাশির মাধ্যমে মুসল্লিদের ঈদগাহে প্রবেশের ব্যবস্থা করেন।
ঈদুল আযহা জাতীয় ঈদগাহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমান ঈদের জামাত বায়তুল মোকাররম মুসল্লি অধিকার পত্র ডটকম

আপনার মূল্যবান মতামত দিন: