নিউজ ডেস্ক | অধিকারপত্র
হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
রবিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলাটি আমলে নেওয়ার মতো প্রয়োজনীয় উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় বিচারক এই খারিজের আদেশ প্রদান করেন।
মামলার অন্য দুই আসামি হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে, গত ৫ জুলাই সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে এই মামলার আবেদনটি দায়ের করেছিলেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য ১২ জুলাই তারিখ নির্ধারণ করেছিলেন।
মামলার প্রেক্ষাপট বাদী সিরাজুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী শিশুকন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বাদী অভিযোগ করেন, হাসপাতালে শয্যাসংকট, অক্সিজেনের অভাব এবং চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে শিশুটির অবস্থার অবনতি ঘটে। এছাড়া সঠিক সময়ে হামের টিকা না পাওয়ায় শিশুটি হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বলে তিনি দাবি করেন।
মামলার আবেদনে আরও অভিযোগ করা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। বাদীর দাবি, এই অবহেলার কারণেই দেশজুড়ে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। বিবাদীদের এই কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের শামিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছিল।
তবে সব পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর আদালত মামলাটি খারিজের আদেশ দিলেন।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: