odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 24th September 2026, ২৪th September ২০২৬
আইসিটি মন্ত্রণালয়ের ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে একজন উদ্যোক্তা পাবেন ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থ সহায়তা

স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

Special Correspondent | প্রকাশিত: ১৪ July ২০২৬ ১৪:৩৫

Special Correspondent
প্রকাশিত: ১৪ July ২০২৬ ১৪:৩৫

নিউজ ডেস্ক | অধিকারপত্র

নতুন ও উদ্ভাবনী স্টার্টআপ ধারণাকে উৎসাহিত করতে এবং তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, তরুণ উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে ৫০০ কোটি টাকার একটি বিশেষ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। এই তহবিলের আওতায় একজন উদ্যোক্তা ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন।

জামানত ছাড়াই মিলবে ফান্ড উদ্যোক্তাদের ব্যাংকিং জটিলতা ও জামানতের হয়রানি থেকে মুক্তি দিতে একটি বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “অনেক উদ্যোক্তা আছেন যাদের নতুন আইডিয়া থাকলেও ব্যাংক ঋণের জন্য প্রয়োজনীয় সিকিউরিটি বা কাগজপত্র জোগাড় করতে হয়। এই ভোগান্তি দূর করতে আমরা একটি নিরপেক্ষ কমিটি গঠন করেছি। এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা নেই; তারা সরাসরি উদ্যোক্তাদের প্রজেক্ট যাচাই-বাছাই করে ফান্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করবেন।”

ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি সরকারি অর্থ (পাবলিক মানি), তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তবে কোনো উদ্যোক্তার প্রকল্প প্রথমবার ব্যর্থ হলেও যদি তাতে সাফল্যের সম্ভাবনা থাকে, তবে সরকার তাদের দ্বিতীয়বার অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহানের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন। নুসরাত প্রশ্ন করেছিলেন, জামানতবিহীন স্টার্টআপ আইডিয়াগুলোর জন্য সরকারি সহায়তা পাওয়ার সহজ উপায় কী।

অনুষ্ঠানের প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

অনুষ্ঠানটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আয়োজকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ দেশের তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানের দিকে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যতে একটি সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র