আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র ডটকম
ঢাকা, ৩ আগস্ট ২০২৬: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। রেকর্ড খরা, প্রচণ্ড তাপদাহ এবং তীব্র বাতাসের কারণে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, টানা চতুর্থ বছরের মতো রেকর্ড খরার মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যে ইতোমধ্যে ২ লাখ একরেরও বেশি এলাকা দাবানলে পুড়ে গেছে। এর মধ্যে ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত আগুনটি স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করেছে।
গভর্নর বব ফার্গুসন এক বিবৃতিতে বলেন, রেকর্ড খরা এবং তীব্র বাতাস পুরো অঙ্গরাজ্যে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। তিনি সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ উন্মুক্ত স্থানে এবং কৃষিকাজে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।
ওয়াশিংটনের পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, আগস্টের শুরুতেই অঙ্গরাজ্য ইতিহাসের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুমের মুখোমুখি হয়েছে।
সরকারি সরিয়ে নেওয়ার নির্দেশনা অনুযায়ী, স্পোকেন শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম স্পোকসম্যান-রিভিউ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত আগুন প্রায় ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
মেজর জেনারেল জেন্ট ওয়েলশ সংবাদ সম্মেলনে বলেন, রাত পেরিয়ে ভোর হলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য স্পোকেন কনভেনশন সেন্টারে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পাশাপাশি ওয়াশিংটন ন্যাশনাল গার্ড জানিয়েছে, স্পোকেন অঞ্চলে সহায়তার জন্য দ্রুত অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব ওয়াশিংটনের জন্য ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে পরিস্থিতিকে ‘বিশেষভাবে বিপজ্জনক’ এবং আবহাওয়াজনিত ঝুঁকিকে ‘চরম’ হিসেবে উল্লেখ করে।
যুক্তরাষ্ট্র দাবানল খরা রেড ফ্ল্যাগ অ্যালার্ট জরুরি অবস্থা ওয়াশিংটন দাবানল স্পোকেন আন্তর্জাতিক সংবাদ

আপনার মূল্যবান মতামত দিন: