০৬ আগস্ট ২০২৬ | আন্তর্জাতিক প্রতিনিধি | অধিকারপত্র ডটকম :
ঢাকা: রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে সংঘাত নিরসনের আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এ হামলায় দুই ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। গত ২৮ জুনের পর দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা নিহত হওয়ার এটিই প্রথম প্রকাশিত ঘটনা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুই সেনা হলেন ৫৫তম ব্রিগেডের ২৮৫৫তম ব্যাটালিয়নের ৩৪ বছর বয়সী মেজর হারেল বিরেনস্টক এবং ৩৩ বছর বয়সী সার্জেন্ট মেজর তামির ভাকনিন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে দক্ষিণ লেবাননের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অভিযানের আগে দক্ষিণাঞ্চলের মানসুরি এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে উত্তর দিকে সরে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।
অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পৃথক একটি হামলায় অন্তত একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, রোমে চলমান আলোচনার সময় ইসরাইলি প্রতিনিধি দল বৈঠক নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগেই শেষ করার অনুরোধ জানায়। তবে আলোচনা পরবর্তী দিনেও অব্যাহত থাকার কথা রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীর মোতায়েনের বিষয়ে একটি কাঠামোগত সমঝোতা হয়েছিল।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি আলোচনার ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে হিজবুল্লাহর তৎপরতা নিয়ন্ত্রণে তেহরানের ভূমিকার আহ্বান জানান। হামলার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় বাস্তব অগ্রগতির আশা প্রকাশ করেছিলেন।
এদিকে হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম সরাসরি আলোচনাকে ‘লজ্জা ও অপমান’ আখ্যা দিয়ে বলেছেন, সংগঠনটি অস্ত্র সমর্পণ করবে না এবং সরাসরি আলোচনা গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘের মানবিক সংস্থার তথ্য অনুযায়ী, সহিংসতা কিছুটা কমে আসায় আট লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করলেও এখনো প্রায় তিন লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
মার্চে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের ৩৮ জন সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: