odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th October 2026, ১৪th October ২০২৬
ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক পরিকল্পনার প্রকাশ্য সমালোচনার পর ফিফার শীর্ষ কর্মকর্তা কেভিন লামুরের বিদায় নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা

ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (COO) কেভিন ল্যামুরের বিদায়: নেপথ্যে ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা

Special Correspondent | প্রকাশিত: ১৮ August ২০২৬ ২৩:১০

Special Correspondent
প্রকাশিত: ১৮ August ২০২৬ ২৩:১০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

ফিফার চিফ অপারেটিং অফিসার COO (Chief Operating Officer) বা প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন ল্যামুর পদত্যাগ করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে প্রকাশ্য বিরোধিতার মাত্র তিন সপ্তাহের মাথায় তার এই প্রস্থান ঘটল।

ফিফা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গত ১৭ আগস্ট কেভিন ল্যামুরের কার্যকাল শেষ হয়েছে। তবে তার এই বিদায়ের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যদিও বিভিন্ন গণমাধ্যমের দাবি তাকে বরখাস্ত করা হয়েছে।

ফিফার এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন ল্যামুরের সাথে কাজের সম্পর্কের ইতি ঘটেছে। ফিফার জন্য তার দুই বছরের সেবার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে পরিকল্পনা

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) থেকে ২০২০ সালের নভেম্বর থেকে ফিফায় যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী পদে দায়িত্ব পালন করে আসছিলেন ল্যামুর। জুরিখ, প্যারিস এবং মায়ামি অফিসে ফিফার অর্থায়ন, আইন ও কমপ্লায়েন্স, যোগাযোগ, সদস্য অ্যাসোসিয়েশন এবং প্রযুক্তি খাতের দেখভাল করতেন তিনি।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) নামক একটি নতুন বাণিজ্যিক সাবসিডিয়ারি প্রজেক্টের বিরোধিতায় নামেন ল্যামুর। প্রায় ২০ বিলিয়ন ডলার (১৭ বিলিয়ন ইউরো) মূল্যের এই সাবসিডিয়ারির মাধ্যমে ফিফার বড় বড় টুর্নামেন্ট (যেমন বিশ্বকাপ) পরিচালনা এবং বেসরকারি বিনিয়োগকারীদের ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।

গত ৩১ জুলাই এক বিবৃতিতে কেভিন ল্যামুর এই প্রজেক্টের কড়া সমালোচনা করে বলেন, কীভাবে এই প্রস্তাব তৈরি হয়েছে সে বিষয়ে ফিফা প্রশাসনকে "প্রতারিত" করা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে "এক ব্যক্তির প্রজেক্ট"।

তিনি আরও ঘোষণা করেছিলেন, যদি এই প্রজেক্টের বিরোধিতা করার কারণে আমার চাকরি চলে যায়, তবে তাই হোক। তবে এই প্রজেক্ট কোনোভাবেই সামনে এগোতে দেওয়া যাবে না।

একের পর এক উচ্চপদস্থ কর্মকর্তার বিদায়

ল্যামুরের এই বিদায়ের আগে গত মাসেই পদত্যাগ করেন ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস কর্ডেইরো। মার্কিন সকার ফেডারেশনের সাবেক সভাপতি এবং গোল্ডম্যান স্যাক্সের এই সাবেক নির্বাহী জানিয়েছেন, তিনি এফএফই (FFE) পরিকল্পনা তৈরির সাথে যুক্ত ছিলেন না এবং এটিকে ফুটবলের জন্য একটি "খারাপ চুক্তি" হিসেবে আখ্যায়িত করেন। তার প্রশ্ন ছিল, ফিফার পর্যাপ্ত রিজার্ভ এবং কোনো ঋণ না থাকা সত্ত্বেও কেন বাইরের বিনিয়োগকারীদের কাছ থেকে বিলিয়ন ডলার তুলতে হবে?

শেষ পর্যন্ত পরিকল্পনা বাতিল

উয়েফা (ইউরোপ), কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল) এবং এএফসি (এশিয়া) এই তিনটি আঞ্চলিক ফুটবল ফেডারেশনের তীব্র প্রতিবাদের মুখে এবং এটিকে "বিশ্বাসের চরম লঙ্ঘন" হিসেবে অভিহিত করার পর ইনফান্তিনো শেষ পর্যন্ত এফএফই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন।

এর পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট ফিফা এক বিবৃতিতে জানায়, এটা ক্রমবর্ধমানভাবে স্পষ্ট যে, ফিফা এবং এর সভাপতিকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু মহলের পক্ষ থেকে সুপরিকল্পিত এবং ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র