বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার তথ্য উপস্থাপন নিয়ে অভিযোগের তদন্তের মধ্যে তার এই পদত্যাগের খবর এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সায়মা ওয়াজেদের পদত্যাগের বিষয়টি তার একটি পদত্যাগপত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের এই সংস্থা ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মধ্যে তার পদত্যাগের ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের মার্চে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে WHO তাকে প্রথমে ২০২৫ সালের জুলাইয়ে ছুটিতে পাঠায় এবং পরে তিনি বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে ছিলেন।
রয়টার্সের দেখা ২০২৬ সালের ৩ জুলাইয়ের একটি চিঠিতে সায়মা ওয়াজেদের আইনজীবীরা জানান, WHO তার বিরুদ্ধে চীনে ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতির অভিযোগ এবং শিক্ষাগত যোগ্যতা ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছে।
এর আগে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সায়মা ওয়াজেদকে WHO-এর পদ থেকে সরানোর উদ্যোগকে জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছিলেন।
এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ঢাকা যে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে, তা নিয়েও দুই দেশের মধ্যে প্রক্রিয়া চলছে। ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধটি তাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া/রয়টার্স
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ WHO-এর পদ ছাড়লেন, উঠেছে আর্থিক অনিয়মের অভিযোগ
আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের তদন্তের মধ্যে WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ।
#সায়মাওয়াজেদ #শেখহাসিনা #WHO #বাংলাদেশ #পদত্যাগ #অধিকারপত্র

আপনার মূল্যবান মতামত দিন: