গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জন গ্রেপ্তার
অধিকার সংযুক্ত নিউজ
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির এই কর্মকর্তা জানান, এ ঘটনায় শুক্রবারই ১১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের দাবি, মামলায় ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের কেএফসি গলিতে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেলসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আরাফাত (২০) ও আ. রহিম (৪৯)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, আওয়ামী লীগের প্রায় ১৫০ থেকে ২০০ সদস্য গুলশান এলাকায় জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। এ সময় নিকেতন এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের এক উপপরিদর্শক তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ঘটনাস্থলে পাঁচটি তাজা ককটেল ফেলে পালিয়ে যান বলে জানান ওসি। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
ওসি আরও জানান, মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মূল্যবান মতামত দিন: