অধিকারপত্র ডটকম/ অনলাইন ডেক্স
নিজস্ব প্রতিবেদক :
তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠককালে এ বিষয়ে আলোচনা করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আসন্ন জলবায়ু সম্মেলন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। তবে প্রধানমন্ত্রী কপ৩১-এ অংশ নেবেন কি না, সে বিষয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের সফর, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার ব্যক্ত করে।
আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে তুরস্ককে আমন্ত্রণ
২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে অংশ নিতে তুরস্ককে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
