অধিকারপত্র ডটকম জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬,
নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কৃতী শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
সকাল থেকেই শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। দীর্ঘদিন পর বন্ধুদের দেখা পেয়ে কেউ জড়িয়ে ধরেছে, কেউ হাত মিলিয়েছে, আবার কেউ মুঠোফোনের ক্যামেরায় ধরে রেখেছে পুনর্মিলনের মুহূর্ত।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হয় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠান। নওগাঁ বন্ধুসভার সদস্য পারমিতা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন দেওয়ান মাহবুব আলম ও মিনা আক্তার।
‘এই দিনটার অপেক্ষায় ছিলাম’
নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া যমজ দুই বোন শুভমিতা রায় ও সমাদ্রিতা রায়ও অংশ নেয় সংবর্ধনায়।
শুভমিতা রায় বলেন, তাঁদের সাফল্য উদ্যাপন করতে এত বড় আয়োজন হওয়ায় তিনি আনন্দিত। দীর্ঘদিন পর অনেক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে বলেও জানান তিনি। বন্ধুদের সঙ্গে আড্ডা ও আনন্দের সুযোগ পেয়ে দিনটিকে স্মরণীয় হিসেবে দেখছেন তিনি।
৬০ কিলোমিটার পথ পেরিয়ে সাফিয়া
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাফিয়া খাতুনের গল্প। দিনমজুর বাবার সঙ্গে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনুষ্ঠানে আসে সে।
সাফিয়া প্রথম আলো ট্রাস্ট পরিচালিত নিয়ামতপুরের গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সংবর্ধনায় এসে নিজের অনুভূতি প্রকাশ করে সাফিয়া জানায়, এই আয়োজন তার কাছে স্বপ্নের মতো। তার সাফল্যের পেছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা ও দিকনির্দেশনার কথাও তুলে ধরে সে।
সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা-মা পড়াশোনায় উৎসাহ দিয়েছেন এবং শিক্ষকদের অনুপ্রেরণা তাকে আত্মবিশ্বাসী করেছে বলে জানায় সাফিয়া।
বন্ধুদের সঙ্গে পুনর্মিলন
নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া নওশিন বিনতে রউফও সংবর্ধনায় এসে দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দ প্রকাশ করে।
পরীক্ষার পর অনেক শিক্ষার্থী রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় চলে যাওয়ায় বন্ধুদের সঙ্গে নিয়মিত দেখা হচ্ছিল না। সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে হয়ে কে কোন কলেজে ভর্তি হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে পড়াশোনা করছে—এসব নিয়েও কথা বলার সুযোগ পেয়েছে তারা।
প্রযুক্তি ও এআই শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী ডি এম আব্দুল বারী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান।
আবৃত্তি, গান, খেলাধুলাসহ সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি।
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান আব্দুল বারী। একই সঙ্গে শুধু চাকরি বা অর্থ উপার্জনের লক্ষ্য নয়, সমাজ, সভ্যতা ও দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখার জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলতে বলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সাটিয়ার এবং নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক হাসমত আলী।
মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে ‘না’ বলার শপথ
প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের জন্মদাত্রী মা, জন্মভূমি ও মাতৃভাষার প্রতি দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
ভালো কিছু করতে হলে মাদক থেকে দূরে থাকা, মিথ্যা না বলা এবং না বুঝে কোনো কিছু মুখস্থ না করার পরামর্শ দেন তিনি।
পরে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে ‘না’ বলার শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করান প্রথম আলো নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ও রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন।
ক্রেস্ট হাতে নতুন স্বপ্ন
বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ হলেও শিক্ষার্থীদের ব্যস্ততা তখনও শেষ হয়নি। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলেছে, কেউ ফোন নম্বর বিনিময় করেছে, কেউ আবার ক্রেস্ট হাতে বাড়ির পথে রওনা হয়েছে।
সাফল্যের আনন্দ, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন—সব মিলিয়ে নওগাঁর কৃতী শিক্ষার্থীদের কাছে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে নওগাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে রয়েছে প্রথম আলো এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখো।
#জিপিএ৫ #কৃতীশিক্ষার্থী #নওগাঁ #অধিকারপত্র
