রাজবাড়ী প্রতিনিধি -
অধিকারপত্র ডটকম
রাজবাড়ীর গোয়ালন্দে সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠা ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিথীর স্বামী রাকিবুল ইসলাম।
বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধাপাড়া এলাকার বাসিন্দা। গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়। ওই অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন বিথী ও তার পরিবার।
পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর থেকেই বিথী তীব্র শারীরিক যন্ত্রণা ও নানা জটিলতায় ভুগতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় দুই মাস পর, ১৫ জুলাই, তাকে আবারও বড় ধরনের অস্ত্রোপচার করাতে হয়। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে কয়েকদিন আইসিইউতেও চিকিৎসা নিতে হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য গত ৪ অক্টোবর বিথীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
বিথীর স্বামী রাকিবুল ইসলাম জানান, চিকিৎসার জন্য দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে ছুটলেও শেষ পর্যন্ত তার স্ত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদাও ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে তদন্তের মাধ্যমে দায় নির্ধারণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
বিথীর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার স্বজনদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ ও কারও দায় থাকলে তা নির্ধারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
