অধিকার পত্র ডটকম /আন্তর্জাতিক অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাগুলোকে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় জানায়, এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তাই অবিলম্বে এসব হামলা বন্ধ করতে হবে।
সৌদি আরবের প্রতি সংহতি তুরস্কের
বিবৃতিতে সৌদি আরবের প্রতি তুরস্কের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে চলমান সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা প্রয়োজন।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে তুরস্কের এ প্রতিক্রিয়া এলো।
সূত্র:তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি।
হুথী হামণা বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর আক্রমণ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্ক
#তুরস্ক #সৌদি_আরব #হুথি #মধ্যপ্রাচ্য
