odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 25th October 2026, ২৫th October ২০২৬
বামনদল সীমান্তে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে বিএসএফ সদস্যদের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা; হতাহতের খবর নেই, সীমান্ত অতিক্রমের অভিযোগ অস্বীকার বিএসএফের

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ, বিজিবির প্রতিবাদ

odhikarpatra | প্রকাশিত: ২৫ October ২০২৬ ২২:৩৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ October ২০২৬ ২২:৩৫

অধিকারপত্র ডটকম | লালমনিরহাট প্রতিবেদক :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফের সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সানিয়াজান নদীর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক কারিমুল ইসলাম। সমকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নদী থেকে পাথর-বালু তোলাকে কেন্দ্র করে উত্তেজনা

স্থানীয় বাসিন্দা ও বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বামনদল সীমান্তের কাছে সানিয়াজান নদীর অংশে কয়েকজন বাংলাদেশি শ্রমিক অযান্ত্রিক পদ্ধতিতে পাথর ও বালু উত্তোলন করছিলেন। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের ১০ থেকে ১২ জন সদস্য নদীতে নেমে শ্রমিকদের বাধা দেন। তাঁদের মারধরের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

শ্রমিকদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। তবে বিএসএফ এ অভিযোগ অস্বীকার করেছে।

 পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ

ঘটনার খবর পেয়ে বুড়িমারী কোম্পানি সদরের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যায় সংশ্লিষ্ট সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ সদস্যদের সীমান্ত অতিক্রম এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগে প্রতিবাদ জানায় বিজিবি। তবে বিএসএফ পক্ষ থেকে সীমান্ত অতিক্রম ও গ্রেনেড নিক্ষেপের ঘটনা অস্বীকার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক কারিমুল ইসলাম বলেন, পাথর তোলার সময় বিএসএফ বাধা দেয়। এ সময় ঢিল ছোড়ার ঘটনা ঘটে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে বিএসএফ ভয় দেখাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কেউ হতাহত হননি। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে