odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 7th February 2026, ৭th February ২০২৬
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক বেহাল: ইবি শিক্ষার্থীদের অবরোধে থমকে যায় যান চলাচল

মহাসড়ক সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ, কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত

odhikarpatra | প্রকাশিত: ৩০ November ২০২৫ ১৯:১৯

odhikarpatra
প্রকাশিত: ৩০ November ২০২৫ ১৯:১৯

ইবি প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও সংহতি জানান।

অবরোধের কারণে দীর্ঘ পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে দুই জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি সাময়িক স্থগিত করেন।

শিক্ষার্থীদের অভিযোগ

আন্দোলনকারীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন,
“বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বেশিরভাগ অংশ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও যাত্রী জীবনঝুঁকি নিয়ে চলাচল করছেন। দাবি জানালেও কোনো উন্নয়ন হয়নি।”

ভোগান্তিতে যাত্রীরা

সড়ক অবরোধে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তি বাড়ে। তারা বলেন,
“রাস্তার অবস্থা সত্যিই বেহাল। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে এই ধরনের কর্মসূচি গ্রহণের আগে অন্য বিকল্প ভেবে দেখা জরুরি।”

প্রশাসনের আশ্বাস

বিকেলে ঘটনাস্থলে সরেজমিন উপস্থিত ছিলেন কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক উপবিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী আহসানুল কবির, নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান এবং শৈলকূপা উপজেলার এসিল্যান্ড এস এম সিরাজুল সালেহীন।

তারা জানান,
“আগামীকাল (১ ডিসেম্বর) থেকে দুই মালবাহী ট্রাক নিয়ে সংস্কার কাজ শুরু হবে। কুষ্টিয়া অংশে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে পিচ ও ইট দিয়ে দ্রুত সংস্কার করা হবে। এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছি।”

শেষে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে তারা আবার কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: