odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 14th May 2026, ১৪th May ২০২৬
শহীদ উসমান হাদি হত্যার বিচার ও পুলিশের হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন: নির্বাচন ও পরবর্তী সরকারকে কড়া বার্তা

হাদি হত্যার বিচার না হলে পরবর্তী সরকারের জীবন জাহান্নাম বানিয়ে দেব!" ঢামেকে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

odhikarpatra | প্রকাশিত: ৬ February ২০২৬ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৬ February ২০২৬ ২৩:৩৬

পূর্ণাঙ্গ রিপোর্ট: অধিকারপত্র ডটকম 
ঢাকা: শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে নির্বাচনের পর গঠিতব্য নতুন সরকারের জীবন ‘জাহান্নাম’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

যমুনার সামনে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আব্দুল্লাহ আল জাবের বলেন, "আমরা আমাদের ভাই হাদিকে হারিয়েছি। এরপর আরও রক্ত ঝরলেও ১২ তারিখের নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না করলে আমরা রাজপথ ছাড়ব না।"

পুলিশি হামলার বর্ণনা:
জাবের অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল জাতিসংঘে চিঠি পাঠানোর সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া। কিন্তু পুলিশ মাস্ক ও হেলমেট পরে নামফলকহীন পোশাকে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে এবং নারী নেতাকর্মীসহ বহু সদস্য গুরুতর আহত হয়েছেন।

জাতিসংঘের অধীনে তদন্তের দাবি:
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এ আনুষ্ঠানিক চিঠি পাঠানোর দাবি জানানো হয়। সরকার আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে এই চিঠি পাঠানোর মৌখিক আশ্বাস দিলেও কোনো সুনির্দিষ্ট সময়সীমা আগে জানায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাবের আরও বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে থাকা পরিকল্পনাকারী ও সহায়তাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: