odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬
ব্যানারে ‘উইন্টার ইজ কামিং’ স্লোগান, জানে না দল—দাবি জামায়াত নেতাদের

গেম অব থ্রোনস-এর আদলে জামায়াত আমিরের ব্যানার: চট্টগ্রামে জনমনে কৌতূহল তুমুল আলোচনা

Special Correspondent | প্রকাশিত: ২ February ২০২৬ ২০:৩০

Special Correspondent
প্রকাশিত: ২ February ২০২৬ ২০:৩০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনস এর সেই বিখ্যাত সংলাপউইন্টার ইজ কামিং। তুষারশুভ্র পটভূমি আর হাতে ধরা দীর্ঘ তলোয়ার নিয়ে সিরিজের মূল চরিত্র জন স্নো যেভাবে বিপদের বার্তা দিতেন, ঠিক সেই আদলেই এবার দেখা গেল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এমন ব্যতিক্রমী ব্যানার দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ব্যানারের বর্ণনা ও প্রেক্ষাপট

নগরের চকবাজারের গুলজার মোড় ও হালিশহরের বড়পোল এলাকায় দেখা গেছে এই ব্যানারগুলো। সেখানে দেখা যায়:

সিরিজের মূল চরিত্র জন স্নো-র জায়গায় বসানো হয়েছে জামায়াত আমিরের ছবি।

তার হাতে তলোয়ারের পরিবর্তে রয়েছে দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা।

পটভূমিতে রয়েছে সিরিজের চিরাচরিত তুষারপাত ও নেকড়ের ছবি।

ব্যানারের নিচে সৌজন্যে লেখা রয়েছে-দাদু ফ্যান ক্লাব সিটিজি।

উল্লেখ্য, আজ সোমবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার ও চট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড এবং মহানগরীর বন্দর স্কুল মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের। তার এই আগমনকে কেন্দ্র করেই ব্যানারগুলো টাঙানো হয়েছে।

বিব্রত জামায়াত ও শিবির

পপ-কালচার বা বিনোদন জগতের এমন রেফারেন্স দিয়ে রাজনৈতিক নেতার পোস্টার করায় খোদ জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে ক্রেজ হিসেবে দেখলেও কেউ কেউ একে রাজনৈতিক গাম্ভীর্যের পরিপন্থী বলে মনে করছেন।

চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ এ প্রসঙ্গে বলেন:

সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। আমাদের সব ব্যানারে সংগঠনের নাম উল্লেখ থাকে। বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। অন্যদিকে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার সম্পাদক বিভাগ জানান অনলাইনে আমিরে জামায়াতের বড় একটি ‘ফ্যান বেজ’ তৈরি হয়েছে। অতি উৎসাহী ভক্তরা হয়তো নিজেদের ভালো লাগা থেকে এটি করেছেন, যার সাথে সংগঠনের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়

ব্যানারটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। দাদু ফ্যান ক্লাব নামক ফেসবুক পেজ ও গ্রুপ থেকে এসব প্রচারণা চালানো হচ্ছে। নেটিজেনদের কেউ কেউ সৃজনশীলতার প্রশংসা করলেও, অনেকেই রাজনৈতিক পোস্টারে ভিনদেশি সিরিজের কাল্পনিক চরিত্রের অনুকরণকে সমালোচনার চোখে দেখছেন। গেম অব থ্রোনস সিরিজে উইন্টার ইজ কামিং সংলাপটি মূলত কঠিন সময়ের সতর্কতা ও আসন্ন বিপদের ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হতো। চট্টগ্রামের এই রাজনৈতিক পোস্টারে সেই একই সংলাপের প্রয়োগ কী অর্থ বহন করছে, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: