নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। আমরা কেবল সেই প্রতিশ্রুতিই দিচ্ছি যা বাস্তবে বাস্তবায়ন করা সম্ভব।"
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, এই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তারেক রহমান তার বক্তব্যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে অভিহিত করেন। তিনি বিএনপির ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, "আমরা ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ঘরে গৃহিণীদের কাছে 'ফ্যামিলি কার্ড' পৌঁছে দেব, যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এছাড়া তরুণদের কর্মসংস্থানের জন্য প্রতিটি এলাকায় ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে।"
কৃষকদের কল্যাণে বড় ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য 'কৃষি কার্ড' চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ হেলথ কেয়ার কর্মী নিয়োগ এবং ঢাকা-১৫ এলাকার দীর্ঘদিনের দাবি ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে তারেক রহমান নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর ইসিবি চত্বর এবং পল্লবীতে ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকের সমর্থনে পথসভা করেন। সবকটি সভায় তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ পুনর্গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বিএনপি ইশতেহার ২০২৬ ঢাকা-১৫ আসন শফিকুল ইসলাম মিল্টন ডা. শফিকুর রহমান নির্বাচনী পথসভা কৃষি ঋণ মওকুফ ফ্যামিলি কার্ড মিরপুর রাজনীতি

আপনার মূল্যবান মতামত দিন: