অধিকার পত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ১৩:০৫
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিনহাজ উদ্দিন (৩২) নামের এক যুবদল কর্মীর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার জের ধরে এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে বাকলিয়ার বলুয়ার দিঘির পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মিনহাজকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে বলুয়ার দিঘিরপাড় এলাকা থেকে আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন মিনহাজ। পথে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর একটি হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মিনহাজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বেলা দেড়টার দিকে দক্ষিণ বাকলিয়ার বউবাজার আহমদুর রহমান সড়কের কয়েকটি বাড়িতে পাল্টা হামলা চালান তাঁর অনুসারীরা। সেখানে আরমান ওরফে এঞ্জেল নামের এক যুবক মারধরে আহত হন। তাঁর বাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় আরও কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত যুবদল কর্মী মিনহাজ উদ্দিন স্থানীয় মাস্টারপুলের বাসিন্দা এবং ওই এলাকার জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। আর আরমান বউ বাজার এলাকায় থাকেন। তিনি সবুজ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
বলুয়ার দিঘি এলাকাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি ও বাকলিয়া এই দুই থানার অধীন। ফলে উভয় থানার পুলিশই বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে।
জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মুহাম্মদ কবির ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিনহাজ নামের একজনকে কুপিয়ে হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়। এই ঘটনার জেরে তাঁর অনুসারীরা কয়েকটি বাড়িতে হামলা চালান। দুটি ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, এর আগে ৫ এপ্রিল বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ আবদুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও এলোপাতাড়ি হামলা করেন। এতে চারজন আহত হন। ঘটনার দিন পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় ঘটনায় ব্যবহৃত শটগান ও দুটি গুলি।

আপনার মূল্যবান মতামত দিন: