odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th April 2026, ৩০th April ২০২৬
তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৬ ০০:০৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৬ ০০:০৬

অধিকারপত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

সংসদ ভবন, ২৯ এপ্রিল ২০২৬: টানা ভারী বৃষ্টিতে হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিন মাসব্যাপী সহায়তা কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও টানা বৃষ্টিতে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বিষয়টিকে “বেদনাদায়ক” উল্লেখ করে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। হাওর অঞ্চলের তিনটি জেলা এবং ময়মনসিংহের কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শনাক্ত করে তাদের জন্য আগামী তিন মাস সহায়তা নিশ্চিত করা হবে।

প্রশ্নকারী সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের পরিস্থিতি তুলে ধরে বলেন, কৃষকরা প্রতিকূল অবস্থার মধ্যেও ধান কাটতে মাঠে নামছেন। তিনি তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার জবাবে কৃষকদের দুর্দশার প্রতি সহমর্মিতা প্রকাশ করে দ্রুত কার্যকর সহায়তা প্রদানের আশ্বাস দেন।



আপনার মূল্যবান মতামত দিন: