odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 20th June 2026, ২০th June ২০২৬
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা কমিটি নিয়ে তীব্র সমালোচনা, তদন্তের ইঙ্গিত

ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৬ ২১:০৮

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৬ ২১:০৮

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক | ০৪ মে ২০২৬:

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতা অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে তানভীর আব্দুল্লাহকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, কমিটিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির অন্তত ১১ জন পদধারী নেতা স্থান পেয়েছেন। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা।

এ বিষয়ে জানতে চাইলে সদস্যসচিব মেহেদী হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, মেডিক্যাল কলেজ শাখার কমিটির বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল সরাসরি তদারকি করে। যদি কেউ পূর্ব রাজনৈতিক পরিচয় গোপন করে কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতাদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: