odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬
আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হওয়ার অভিযোগে অভিযান, জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেওয়া হয়েছে

গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, অর্ধশতাধিক আটক

odhikarpatra | প্রকাশিত: ২৬ September ২০২৬ ১৮:৫২

odhikarpatra
প্রকাশিত: ২৬ September ২০২৬ ১৮:৫২

অধিকারপত্র ডটকম, নগর প্রতিনিধি ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬: রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের প্রধান কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সভা করছেন—এমন অভিযোগের পর শনিবার দুপুর থেকে কার্যালয়টি ঘিরে রাখেন তারা।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা যাতে ঢাকার কোথাও মিছিল-মিটিং করতে না পারে, সে বিষয়ে ঢাকা মহানগর যুবদলের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নয়ন দাবি করেন, সকালে তাদের ‘নেটওয়ার্ক জালে’ আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল করার বিষয়টি ধরা পড়ে। এরপর যুবদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। পরে নেতৃত্ব পর্যায়ের লোকজন জানতে পারেন, জাসদ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদের কার্যালয়ে একত্র হয়ে সভা করছেন।

তিনি বলেন, সেখানে অবস্থান নেওয়ার পর যুবদলের নেতাকর্মীরা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা নিপীড়ন না করার বিষয়ে সতর্ক ছিলেন। কার্যালয়ে থাকা ব্যক্তিদের কেউ যেন শারীরিকভাবে আঘাত না পান, সে বিষয়েও তারা সতর্ক ছিলেন বলে দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনী জাসদ কার্যালয়ে থাকা ব্যক্তিদের থানায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে নয়ন বলেন, তাদের পক্ষ থেকে এতে সহযোগিতা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নিয়েও মন্তব্য করেন নয়ন। তিনি জোটটির বিরুদ্ধে বিভিন্ন স্থানে ককটেল ও বোমা হামলার অভিযোগ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন। এসব অভিযোগের বিষয়ে তিনি কোনো বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেননি।

এর আগে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন অভিযোগে নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন।

পরে ঘটনাস্থলে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং সেখানে বহিরাগত অনেকে অবস্থান করছিলেন। সেখানে বৈঠক চলছিল বলেও সন্দেহ করা হয়। এ কারণে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে।

তিনি জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের অভিযান চলমান রয়েছে।