odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th June 2026, ৩০th June ২০২৬
পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও নেই সম্পূর্ণ নিরাপত্তা প্রাচীর, সব প্রবেশপথেও নেই সার্বক্ষণিক পাহারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ঘাটতি, ২৫ দিনের ছুটির আগে উদ্বেগ শিক্ষার্থীদের

odhikarpatra | প্রকাশিত: ১৪ May ২০২৬ ২০:৫১

odhikarpatra
প্রকাশিত: ১৪ May ২০২৬ ২০:৫১

জবি বিশ্ববিদ্যালয়

অধিকার ডেস্ক

প্রায় সাতশো একর জমির ওপর ষাটের দশকে প্রতিষ্ঠিত দেশের একমাত্র পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ক্যাম্পাসজুড়ে এখনও সম্পূর্ণ নিরাপত্তা প্রাচীর নির্মাণ হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার ১১টি পথের সবগুলোতেই সার্বক্ষণিক নিরাপত্তা পাহারা নেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিরাপত্তা ঘাটতির বিষয়টি স্বীকার করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একদিকে মহাসড়ক এবং অন্য তিনদিকে স্থানীয় বাসিন্দাদের বসতি রয়েছে। বিশেষ করে পশ্চিম পাশের অনেক বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরের পথ ব্যবহার করে চলাচল করেন।

তিনি বলেন,
“আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশে একদিকে হাইওয়ে, অন্য তিনদিকে স্থানীয় অধিবাসীরা বসবাস করে। বিশ্ববিদ্যালয়ের পেছনের পশ্চিম দিকের বাসিন্দারা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়েই চলাচল করে। আবাসিক হিসেবে নিরাপত্তা ব্যবস্থা যতটা সুসংহত হওয়া প্রয়োজন, ততটা এখনও হয়নি।”

নিরাপত্তা প্রাচীর সম্পূর্ণ না হওয়ার কারণ হিসেবে আর্থিক সংকটের কথা উল্লেখ করেন প্রক্টর। তিনি বলেন,
“বাউন্ডারি ওয়াল এখনও সম্পূর্ণ হয়নি। আসলে আমাদের আর্থিক সংশ্লিষ্টতা আছে, ফান্ডিংয়ের অভাব রয়েছে।”

এদিকে, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবিতে শিক্ষার্থীরা প্রতিটি প্রবেশপথে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ, সাত দিনের মধ্যে অবকাঠামোগত ত্রুটি মেরামত এবং নারী নিরাপত্তাকর্মী নিয়োগের দাবি জানিয়েছেন।

নিরাপত্তা প্রহরীর সংখ্যা কম থাকার বিষয়টি স্বীকার করে অধ্যাপক রাশিদুল আলম বলেন, বর্তমান প্রশাসন গত দেড় বছর ধরে প্রতিটি প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং বাউন্ডারি ওয়াল নির্মাণের বিষয়ে কাজ করছে।

তিনি বলেন,
“আগামী এক মাসের মধ্যে কাজগুলো আরও দ্রুত করা হবে। আমরা সচেষ্ট আছি। বহিরাগত প্রবেশ আগের চেয়ে আরও নিয়ন্ত্রিত ও কড়াকড়ি করা হবে বলে আশা করছি।”

উল্লেখ্য, ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এই ছুটি শুরু হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ঘাটতি, ২৫ দিনের ছুটির আগে উদ্বেগ শিক্ষার্থীদের

#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয় #সাভার #নিরাপত্তা #আবাসিক_বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী_দাবি #বাংলাদেশ

 



আপনার মূল্যবান মতামত দিন: