প্রকাশিত: বুধবার, ২০ মে ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর নিয়ন্ত্রিতভাবে পুনরায় চালু হয়েছে ইরানের শেয়ারবাজার। প্রায় ৮০ দিনের স্থগিতাদেশ শেষে মঙ্গলবার থেকে তেহরান স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তবে বাজারে অস্থিরতা ঠেকাতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সম্পদ সুরক্ষা, আতঙ্কজনিত বিক্রি ঠেকানো এবং স্বচ্ছ মূল্য নির্ধারণ নিশ্চিত করতে বাজার বন্ধ রাখা হয়েছিল। দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্গানাইজেশনের উপ-তত্ত্বাবধায়ক হামিদ ইয়ারি বলেন, বাজার পুনরায় চালুর মাধ্যমে পুঁজিবাজারের সব খাত ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পেট্রোকেমিক্যাল, স্টিল ও খনিশিল্প সংশ্লিষ্ট বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ফলে শেয়ারবাজার পুনরায় চালু হলেও বেশ কিছু বড় কোম্পানির লেনদেন এখনো স্থগিত রয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই বাজারে বিক্রির চাপ ব্যাপক ছিল। প্রায় ১০ দশমিক ৩ ট্রিলিয়ন তুমানের বিক্রয় আদেশ জমা পড়ে, বিপরীতে ক্রয় আদেশ ছিল অনেক কম। অনেক বিনিয়োগকারী যুদ্ধ-পরবর্তী অনিশ্চয়তার কারণে দ্রুত শেয়ার বিক্রি করে নগদ অর্থে ফিরতে চাইছেন।
বিশ্লেষকরা বলছেন, ইরানের শেয়ারবাজার পুনরায় চালু হওয়া দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ হলেও বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরতে সময় লাগবে। দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা, উচ্চ মূল্যস্ফীতি এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি এখনো দেশটির অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করে আছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর নিয়ন্ত্রিতভাবে খুললো ইরানের শেয়ারবাজার
#ইরান #শেয়ারবাজার #তেহরান_স্টক_এক্সচেঞ্জ #মধ্যপ্রাচ্য #অর্থনীতি #যুক্তরাষ্ট্র #ইসরায়েল

আপনার মূল্যবান মতামত দিন: