বিশেষ প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ ও অন্যান্য হুইপ শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্যরাও মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জানাজায় অংশ নেন।
জানাজা শেষে সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এভারকেয়ার হাসপাতালে শেষনিশ্বাস
বাসসের প্রতিবেদন অনুযায়ী, সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
নয়াপল্টন ও শ্যামপুরে জানাজা, জুরাইনে দাফন
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তাঁর পরবর্তী জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর রাজধানীর জুরাইনে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করার কথা জানানো হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
